গণমাধ্যমের কণ্ঠরোধে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : এমইউজে খুলনা
খুলনা ব্যুরো :
গণমাধ্যমের ওপর চলমান হামলাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে বা কণ্ঠরোধ করে কখনোই আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এসব মন্তব্য করেন নেতারা।
সভায় বক্তারা বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে সংবাদমাধ্যমকে দমন করা হয়েছিল, আজও যদি একই কৌশলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, তাহলে তা জাতির জন্য অশনিসংকেত। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসানের পরও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের রাষ্ট্রের ওপর আস্থা ভেঙে পড়বে বলেও সতর্ক করেন তাঁরা।
নেতৃবৃন্দ বলেন, সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শর্ত হলো স্বাধীন সংবাদমাধ্যম। অথচ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। একই ধারাবাহিকতায় ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলাও একটি বিশেষ মহলের সুপরিকল্পিত অপতৎপরতার অংশ বলে মনে করেন এমইউজে নেতারা।
সাংবাদিক নেতারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।=
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে খুলনা মহানগরীতে কর্মরত ৩০ জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করা হয়।