খুলনায় উৎসবমুখর পরিবেশে ছয় আসনে মনোনয়ন জমা
খুলনা ব্যুরো :
ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পান। এদিন দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে মনোনয়ন জমা দিতে দেখা যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের।
মনোনয়ন জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াতের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল মনোনয়নপত্র দাখিল করেন। খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের অধ্যাপক মাহাফুজুর রহমান, খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং জামায়াতের মো. কবিরুল ইসলাম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
এছাড়া খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির আলী আসগর লবী এবং খুলনা-৬ আসনে জামায়াতের আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।