সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে ব্যাগ ও পোশাক কারখানা স্থাপন

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন   |   ঢাকা

মীরসরাইয়ে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে ব্যাগ ও পোশাক কারখানা স্থাপন

বিশেষ প্রতিনিধি :

 চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড একটি ব্যাগ, লাগেজ ও উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে ৮ কোটি মার্কিন ডলারের লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে ২৬ জানুয়ারি  সোমবার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনও ছিলেন।

চুক্তি অনুযায়ী, কোম্পানিটি ৫৭,৬০০ বর্গমিটার জমিতে কারখানা স্থাপন করবে। এখানে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য যেমন পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে।

প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০,৯৬০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পায় এবং বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নেয়।

পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক জানান, তাদের প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন কোচ ও কেট স্পেডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করে বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবাকে প্রশংসা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।