নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ‘হ্যাঁ’ তে ভোট দিন-ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুর, ৭ মাঘ (২১ জানুয়ারি):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আপনারা ‘হ্যাঁ’ তে ভোট দিন।
তিনি আজ গাজীপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে গণভোট ২০২৬ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।’ তিনি গণভোট কার্যক্রমে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুর শহর নিয়ে তিনি বলেন, নতুন শহর গড়ে তোলা সবার দায়িত্ব তাই সমন্বিত মাস্টার প্ল্যান থাকা প্রয়োজন। শ্রমিকদের আবাসন, যাতায়াত নিয়ে ভাবতে হবে। এটাও একটি বড় সংস্কার।
এবারের নির্বাচন দেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এবার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করা হবে। সকল কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডিওর্ন ক্যামেরা লাগানো থাকবে, ভিডিও ইমেজ থাকবে তাই কেউ অপরাধ করে পার পাবে না। তিনি আরো বলেন, আমাদের দেশে ক্ষমতার জন্য বারবার সংবিধান সংশোধন করা হয়েছে। সেখানে একক ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর বাইরে কেউ কিছু করতে পারে না। আমাদের দরকার এমন একটি সংবিধান যেখানে এক ব্যক্তিকে সব ক্ষমতা দেওয়া হবে না।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান সংবিধানিক কাঠামোতে আর চলছে না, এ অবস্থার সংস্কার দরকার। তাই আমরা ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই তিনটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছি। অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য গঠিত তাই সরকার সংস্কারের পক্ষে। অন্তর্বর্তী সরকারের প্রধানতম ম্যান্ডেট ছিলো সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার করতে গেলে বাধা আসে কারণ আমরা বিদ্যমান ব্যবস্থায় অভ্যস্ত। তাই সংস্কারের জন্য দেশবাসীকে সম্পৃক্ত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমাদের সকলের সম্মিলিত সচেতনতা সংস্কারকে টেকসই করতে পারবো বলেও তিনি মন্তব্য করেন।
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে ফয়েজ আহমদ তৈয়্যব গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গাজীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।