কোস্টগার্ডের অভিযান ট্রলিং জাল উদ্ধার ; ভারতীয় নাগরিক সহ আটক ৭

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন   |   ঢাকা

কোস্টগার্ডের অভিযান ট্রলিং জাল উদ্ধার ; ভারতীয় নাগরিক সহ আটক ৭

বিশেষ প্রতিনিধি  :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাছ ধরার নিষিদ্ধ নৌযান ‘আর্টিসানাল ট্রলিং’ জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি কারখানা থেকে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস (৩৯) রয়েছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। বাকিরা বাংলাদেশের নাগরিক।

কোস্টগার্ড সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগেও একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি  দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আর্টিসানাল ট্রলিং বোট ও জাল ব্যবহারে সামুদ্রিক মাছের রেণু-পোনা ও মা মাছ ধ্বংস হয়। এ কারণে দেশে এসব নৌযান ও সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement