সংবাদ শিরোনাম

শ্রীপুরে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, ৩ পুলিশ আহত; গ্রেপ্তার ১০

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন   |   ঢাকা

শ্রীপুরে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, ৩ পুলিশ আহত; গ্রেপ্তার ১০

 রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয়। পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাস্টার বেকারির উত্তর পাশে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার এসআই অরূপ কুমার বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে শ্রীপুর থানা মামলা নং-১৯(১১)২৫ (চাঁদাবাজি) এর এজাহারভুক্ত তিন আসামিকে মাদকসহ আটক করা হয়। তারা হলেন— মোছা. লাকি আক্তার (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও মো. রাজীব (৩৩)। এ সময় স্থানীয় মাদক কারবারি ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিশৃঙ্খলার সুযোগে জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।


হামলায় এসআই অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানা ও আরেক পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এসআই মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০–৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামাল (৩৩), মো. লিমন (১৭), মো. আশিক (২৬), বার মুল্লাহ, মো. আরিফ, মোছা. শিল্পি (৩৫), মোছা. লাকি আক্তার (২৮), কালাম (৪৩), মো. মুন্না (১৯) ও আক্কাস।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।