কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১১

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   চট্টগ্রাম

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১১

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় হামের প্রাদুর্ভাবের মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম সিমরান (৬ মাস)। এ ঘটনায় জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ। সিমরান কুমিল্লা মহানগরীর নুরপুর এলাকার বাসিন্দা মো. শিমুল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুন হামের লক্ষণ দেখা দিলে সিমরানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩০ জন শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, শিশুদের নিয়মিত ও নির্ধারিত সময়ে টিকা না দেওয়া এবং অভিভাবকদের সচেতনতার ঘাটতির কারণেই হামের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। তবে ইতিবাচক দিক হলো, আগের তুলনায় বর্তমানে নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিশুর শরীরে উচ্চ জ্বর, ফুসকুড়ি, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বৃদ্ধি করা গেলে হামের বিস্তার এবং এ রোগজনিত মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Advertisement
Advertisement
Advertisement