আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের জন্য নতুন ঘর হস্তান্তর
মোঃ জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা প্রতিনিধি :
আন্তর্জাতিক টেবিল টেনিস অঙ্গনে দেশের সুনাম বয়ে আনা রাঙামাটির রাজস্থলী উপজেলার কৃতি খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী-এর বিশেষ উদ্যোগে নির্মিত ঘরটি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম চুশাকপাড়া গ্রামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত ৪ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের পক্ষে রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম উপস্থিত থেকে খই খই সাই মারমার পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে খই খই সাই মারমার পরিবার জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিনের আবাসন সংকট দূর হওয়ায় পরিবারটি এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাস করতে পারবে।
স্থানীয়রা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য গৌরব বয়ে আনা খেলোয়াড়দের প্রতি এ ধরনের সম্মান ও সহায়তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ খেলোয়াড় ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।