ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, দুইজন গ্রেপ্তার

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিল আয়োজনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় দায়েরকৃত এ মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫)। গ্রেপ্তারকৃত দুজনের নামও মামলার এজাহারে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, উপজেলার রোসাঙ্গিরি ইউনিয়নের একটি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল বের করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি অংশ ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। ঘটনাস্থল থেকে কয়েকটি মশাল জব্দ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সভা-সমাবেশ ও মিছিল আয়োজনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement