পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নির্মিতব্য আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল অংশগ্রহণ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। তিনি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে এর যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ক্রীড়াবান্ধব বিভিন্ন উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হবে, যার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
তিনি আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়া অঞ্চলে ক্রীড়া চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এখান থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরি হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।