Brazil Série A-তে অবিশ্বাস্য কাণ্ড! গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়লেন Coritiba-র Jacy, উঠে দেখলেন গোলই বাতিল
শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি:
গোল করার আনন্দে ছুটে গিয়ে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চেয়েছিলেন Coritiba-র ডিফেন্ডার Jacy Maranhão। কিন্তু সেই উদযাপনই মুহূর্তের মধ্যে পরিণত হলো ভয়ংকর এক ঘটনায়। Brazil-এর শীর্ষ ফুটবল লিগ Série A-তে Chapecoense-এর বিপক্ষে ম্যাচে গোল উদযাপন করতে গিয়ে মাঠের পাশের খোলা টানেলে পড়ে যান তিনি। আরও অবাক করা বিষয় টানেল থেকে উঠে মাঠে ফেরার পর জানতে পারেন, যে গোল উদযাপন করতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন, সেটিই শেষ পর্যন্ত বাতিল হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার, ৯ আগস্ট, Coritiba-র ঘরের মাঠ Estádio Couto Pereira-তে Chapecoense-এর বিপক্ষে ম্যাচে। প্রথমার্ধের শেষ দিকে Jacy হেডে বল জালে পাঠিয়ে মনে করেন, Coritiba-কে ২–০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন। গোলের আনন্দে বলটি নিজের জার্সির নিচে রেখে তিনি বিজ্ঞাপনের বোর্ড টপকে সমর্থকদের দিকে ছুটে যান। কিন্তু বোর্ডের ওপাশে থাকা একটি খোলা টানেলের মুখ তিনি দেখতে পাননি। মুহূর্তের মধ্যেই সেখানেই পড়ে যান Jacy।
ঘটনাটি দেখে সতীর্থ, স্টাফ ও আশপাশের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁর কাছে ছুটে যান। কিছুক্ষণ পর Jacy নিজেই টানেল থেকে উঠে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নেন। তিনি প্রথমার্ধ শেষ করতে মাঠে থাকলেও পড়ে যাওয়ার কারণে গোড়ালিতে চোট পান এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
তবে Jacy-র জন্য সবচেয়ে বড় ধাক্কা তখনো বাকি ছিল।VAR পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত দেন, গোলটির আগে Jacy অফসাইড অবস্থানে ছিলেন। ফলে তাঁর গোলটি বাতিল হয়ে যায়। অর্থাৎ, যে গোলকে ঘিরে তিনি এতটা উচ্ছ্বাসে উদযাপন করেছিলেন, সেটি শেষ পর্যন্ত স্কোরবোর্ডে যোগই হলো না।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে Couto Pereira স্টেডিয়ামের ওই টানেল নিয়ে প্রশ্নও উঠেছে। জানা গেছে, অতীতেও একই স্টেডিয়ামে গোল উদযাপনের সময় এমন ধরনের ঘটনা ঘটেছিল।
তবে Jacy-র অস্বস্তিকর মুহূর্তের পরও Coritiba ম্যাচটি জিতেছে। ফলে গোলটি বাতিল হলেও ম্যাচের শেষ ফলাফলে Coritiba সমর্থকদের জন্য স্বস্তি ছিল।
একটি গোলের আনন্দ, কয়েক সেকেন্ডের মধ্যে টানেলে পতন, এরপর চোট আর সবশেষে VAR-এর সিদ্ধান্তে সেই গোল বাতিল। Brazil Série A-র এই অদ্ভুত ঘটনাটি ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এবারের মৌসুমের অন্যতম আলোচিত গোল-উদযাপনের ঘটনা হয়ে থাকল।