খুলনা চেম্বারের নির্বাচনে বৈধ প্রার্থী ৫৫ জন
খুলনা ব্যুরো :
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ ৫৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) নির্বাচনের বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। প্রাথমিক তালিকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের নামও রয়েছে।
নির্বাচন বোর্ডের সংশোধিত তফসিল অনুযায়ী, বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৭ আগস্ট। একই দিন বিকেল ৫টায় বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ ও ১৯ আগস্ট। প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ আগস্ট বিকেল ৫টায়।
তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ খুলনা জেলা স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ৬ থেকে ৮ সেপ্টেম্বর আপিল করা যাবে। এসব আপিলের নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর।
এর আগে নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।