১৫ ও ১৬ আগষ্ট খুলনা এবং মাগুরা সফরে আসছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাসুদ আল হাসান, খুলনা :
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি আগামী ১৫ ও ১৬ আগস্ট মাগুরা ও খুলনা জেলা সফর করবেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ১৫ আগস্ট শনিবার সকাল ৮টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে মাগুরার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টায় তিনি মাগুরা সার্কিট হাউসে উপস্থিত হবেন।
সকাল ১১টা ৩০ মিনিটে মাগুরা জেলা পরিষদ আয়োজিত দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দুপুর ১টায় সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা ৩০ মিনিটে শালিখা উপজেলার উদ্দেশে যাত্রা করবেন।
বিকেল ৩টায় শালিখা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৪টায় শালিখা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। এরপর সন্ধ্যা ৬টায় শালিখা উপজেলা থেকে খুলনার উদ্দেশে রওনা হয়ে রাত ৮টার দিকে খুলনা সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন ১৬ আগস্ট রোববার সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা সার্কিট হাউস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্দেশে যাত্রা করবেন নিতাই রায় চৌধুরী। সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দুপুর ১টায় খুলনা সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টায় খুলনা নাট্য নিকেতনে পরিদর্শন করবেন তিনি। বিকেল ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টা ৩০ মিনিটে খুলনা থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। মাওয়া-পদ্মা সেতু হয়ে শরীয়তপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, মাদারীপুর ও মুন্সীগঞ্জ হয়ে তিনি ঢাকায় ফিরবেন। রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, জেলা শিল্পকলা একাডেমিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।