চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। রোববার সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। খড়ের স্তূপের ভেতর থেকে লুকানো অবস্থায় এগুলো জব্দ করা হয়।
অভিযানের পর উদ্ধার করা বস্তুগুলো পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় একটি বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা বালতির ভেতর বস্তুগুলো দেখতে পান সীমান্তরক্ষীরা। পরে বিজিবি এলাকাটি ঘিরে রেখে থানা-পুলিশকে খবর দিলে যৌথভাবে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল অব্যাহত রয়েছে। উদ্ধার করা বস্তুগুলো আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানা-পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
আরো পড়ুন----শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক