চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫। বুধবার (২০ আগস্ট) রাতে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টার দিকে আমবাগানের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি শুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, বোমা তৈরির গানপাউডার ১ কেজি ৮৫০ গ্রাম এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বোমা তৈরির উপকরণ পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।