২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজন আটক, মোটরসাইকেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও এর চাবি উদ্ধার করা হয়।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানে চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত লাল রঙের Hero HF-Deluxe মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।