চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জেলার হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় তিনি বলেন, নদীভাঙন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। এতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ অন্যরা। অনুষ্ঠানে পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের ২৬৫ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।