নিজস্ব প্রতিনিধি, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সাঁথিয়া থানার আমাইকোলা বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল সেখানে অবস্থান নিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এমএম ট্রাভেলস নামের একটি বাসে সন্দেহভাজন তল্লাশির সময় ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ফারুক প্রামানিক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ফারুক সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আবুল কালাম। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঁথিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।