পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল করার পরিকল্পনা
ছবি -সংগৃহীত
বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। চট্টগ্রাম পরিদর্শনের সময় আজ শনিবার এই কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে পরিদর্শনের কাজ শুরু করেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বায়োমেডিক্যাল ব্যবস্থা, চিকিৎসকদের উপস্থিতি, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান পর্যবেক্ষণ করেন। তিনি নির্দেশ দেন যাতে ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই সম্পন্ন করা হয়। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। রোগীরা যাতে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়াসহ আশপাশের এলাকার প্রায় ১১ লাখ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা গ্রহণ করেন। নিয়মিত বহিঃবিভাগে প্রতিদিন ১ হাজারের বেশি রোগী সেবা নিতে আসেন। এছাড়া হাসপাতালে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি থাকেন।
পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে এলাকায় কোনো হাসপাতাল নেই, সেখানে নতুন করে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।