ছবি শুধু ছবি নয়, ইতিহাসের দলিল: বিশ্ব ফটোগ্রাফি দিবসে ফটোসাংবাদিক মঈনউদ্দিন আহমেদ

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন   |   জাতীয়

ছবি শুধু ছবি নয়, ইতিহাসের দলিল: বিশ্ব ফটোগ্রাফি দিবসে ফটোসাংবাদিক মঈনউদ্দিন আহমেদ

সফি রহমান:

ফটোগ্রাফি শুধু ছবি তোলার বিষয় নয়; এটি সময়, মানুষ ও ইতিহাসকে ফ্রেমে ধরে রাখার শক্তিশালী মাধ্যম। একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলতে পারে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাচীনতম ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন-এর চিফ ফটো জার্নালিস্ট মঈনউদ্দিন আহমেদ। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্য প্রতিদিনের দেশের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকার:

প্রতিদিনের দেশ: বিশ্ব ফটোগ্রাফি দিবসের এই বিশেষ দিনে আমরা আপনার সাথে কথা বলেছি। আপনি বাংলাদেশের প্রাচীনতম ইংরেজি দৈনিক দি নিউ নেশন-এর চিফ ফটো জার্নালিস্ট, একইসাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত এবং বাংলাদেশের ফটোগ্রাফিতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে একজন। আপনাকে স্বাগত জানাচ্ছি।

মঈন আহমেদ: ধন্যবাদ। বিশ্ব ফটোগ্রাফি দিবসে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সকল ফটো-সাংবাদিকদের নিরাপত্তা কামনা করছি।

প্রতিদিনের দেশ: প্রথমেই জানতে চাই, ফটোগ্রাফি আপনার কাছে কী?

মইন আহমেদ: আমার কাছে ফটোগ্রাফি শুধু একটি ছবি তোলা নয়। এটি সময়, মানুষ ও ইতিহাসকে ফ্রেমে ধরে রাখার একটি শক্তিশালী মাধ্যম, একই সাথে এটি একটি শিল্পও বটে । একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলতে পারে। কোন একটি বিষয়ে যখন হাজার শব্দেও সমাধান আসে না, একটি ছবি তা নিমিষেই মিটিয়ে দিতে পারে।

প্রতিদিনের দেশ:

বিশ্ব ফটোগ্রাফি দিবসের গুরুত্ব আপনি কীভাবে দেখেন?

মঈন আহমেদ:

এই দিনটি আলোকচিত্রের শিল্প, ইতিহাস ও গুরুত্বকে স্মরণ করার একটি সুযোগ। একই সঙ্গে যারা ক্যামেরার লেন্সে সমাজ, সংস্কৃতি, মানুষ ও ঘটনার চিত্রকে তুলে ধরছেন, তাদের কাজের মূল্যায়নেরও একটি দিন।

প্রতিদিনের দেশ:

একজন ভালো ফটোগ্রাফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী হওয়া উচিত?

মঈন আহমেদ :

আমার মনে হয় চোখ, ধৈর্য এবং মানুষের প্রতি সংবেদনশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যামেরা সবার হাতেই থাকতে পারে, কিন্তু সঠিক মুহূর্তটি চিনতে পারাটাই একজন ফটো সাংবাদিককে কে আলাদা করে দেয় অন্যদের থেকে। কারণ তাদের তোলা ছবি শুধু ছবি নয় সেটি নিউজও বটে।

প্রতিদিনের দেশ:

ফটোসাংবাদিকতার ক্ষেত্রে একটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কীসৌন্দর্য, নাকি গল্প?

মঈন আহমেদ:

গল্প। একটি ছবি সুন্দর হওয়ার পাশাপাশি যদি কোনো ঘটনা, অনুভূতি বা বাস্তবতার গল্প বলতে পারে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গনমাধ্যমের ফটোগ্রাফিতে ছবির সত্যতা ও প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রতিদিনের দেশ:

বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা অনেক উন্নত হয়েছে। এতে কি পেশাদার ফটোগ্রাফির গুরুত্ব কমছে?

মঈন আহমেদ:

একদমই নয়। প্রযুক্তি ক্যামেরাকে মানুষের হাতের আরও কাছে নিয়ে এসেছে। কিন্তু ভালো ছবি তৈরি হয় শুধু ক্যামেরা দিয়ে নয়-দৃষ্টিভঙ্গি, কম্পোজিশন, আলো, মুহূর্ত এবং গল্প বলার ক্ষমতা দিয়ে।

প্রতিদিনের দেশ:

একজন নবীন ফটোগ্রাফার বা ফটোসাংবাদিককে আপনি কী পরামর্শ দেবেন?

মইন আহমেদ :

প্রথমে বেশি বেশি ছবি তুলতে হবে এবং নিজের ছবিকে বিশ্লেষণ করতে হবে। আলো, কম্পোজিশন ও মুহূর্ত বোঝার চেষ্টা করতে হবে। পাশাপাশি দেশ-সমাজের ঘটনাগুলো সম্পর্কে জানতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ-ধৈর্য রাখতে হবে।

প্রতিদিনের দেশ:

ফটো-সাংবাদিকতার সবচেয়ে কঠিন দিক কোনটি?

মঈন আহমেদ:

অনেক সময় এমন পরিস্থিতিতে কাজ করতে হয় যেখানে ঝুঁকি থাকে, মানসিক চাপ থাকে এবং মুহূর্তটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য আসে। সেই সময় নিজের নিরাপত্তা বজায় রেখে সঠিক ছবিটি ধারণ করা অনেক বড় চ্যালেঞ্জ।

প্রতিদিনের দেশ:

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ফটোসাংবাদিকদের নৈতিক দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ?

মঈন আহমেদ:

খুবই গুরুত্বপূর্ণ। ছবি প্রকাশের আগে এর সত্যতা যাচাই করা, মানুষের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানো এবং কোনো ছবি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করা একজন ফটোসাংবাদিকের নৈতিক ও পেশাগত দায়িত্ব।

প্রতিদিনের দেশ:

আপনার ক্যারিয়ারে এমন কোনো ছবি আছে কি, যেটি আপনার কাছে বিশেষভাবে স্মরণীয়?

মইন আহমেদ:

অবশ্যই আছে। একজন ফটোগ্রাফারের কাছে প্রতিটি গুরুত্বপূর্ণ ছবি একটি গল্প। কোনো কোনো ছবি শুধু কাজের অংশ নয়, বরং একটি সময়ের স্মৃতি হয়ে থাকে। আমার কাছেও এমন কিছু ছবি রয়েছে, যেগুলো দেখলেই সেই মুহূর্তের অনুভূতি ফিরে আসে।

প্রতিদিনের দেশ:

শেষ প্রশ্ন। বিশ্ব ফটোগ্রাফি দিবসে তরুণ প্রজন্ম এবং নতুন ফটোগ্রাফারদের উদ্দেশে আপনার বার্তা কী?

মঈন আহমেদ:

ক্যামেরা হাতে নেওয়ার আগে মানুষের গল্প বুঝুন। শুধু সুন্দর ছবি তোলার চেষ্টা নয়, এমন ছবি তুলুন যা মানুষের কথা বলে, সমাজের কথা বলে এবং সময়কে ধরে রাখে। প্রযুক্তি বদলাবে, ক্যামেরা বদলাবেকিন্তু একটি সত্যিকারের ছবির শক্তি কখনো বদলাবে না।

প্রতিদিনের দেশ:

চমৎকার কথা। আপনার মূল্যবান সময় ও সুন্দর কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ। বিশ্ব ফটোগ্রাফি দিবসে সকল ফটোগ্রাফার ও ফটোসাংবাদিকদের জানাই শুভেচ্ছা। একটি ছবি হয়তো সেকেন্ডেই তোলা হয়, কিন্তু সেটি ইতিহাসের অংশ হয়ে থাকতে পারে বছরের পর বছর।

মঈন আহমেদ:

ধন্যবাদ। সবাইকে বিশ্ব ফটোগ্রাফি দিবসের শুভেচ্ছা।


Advertisement
Advertisement
Advertisement