উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র: চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

জাতীয়

উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র: চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের

ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট):

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে একটি ভূয়া অফিস আদেশ সম্প্রতি মন্ত্রনালয়ের নজরে এসেছে। অফিস আদেশে মোঃ রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে। 

১০ আগস্ট তারিখে স্বাক্ষরিত এ ভুয়া অফিস আদেশে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মোতাবেক রাজস্ব ভিত্তিতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০/- ২০,০১০/- টাকার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নিয়োগ ১১-০৮-২০২৬ হতে কার্যকর হবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে এই ধরনের কোন নিয়োগপত্র বা অফিস আদেশ জারী হয়নি বলে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। এছাড়া সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য চাকরি প্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানানো হলো। 

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য অনলাইনে আবেদন নেওয়া হয় এবং নিয়োগের সকল পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এর মাধ্যমে অবহিত করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ জারি করে প্রতারণা করে যাচ্ছে। সাধারণ চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।