মস্কোয় বিস্ফোরণে নিহত অন্তত তিন, ইউক্রেন-যোগ নিয়ে জল্পনা
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ। হামলার সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চললেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি নামের একটি ইতালীয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটে। রেস্তোরাঁটি সোভিয়েত আমলের স্ট্যালিন যুগের বিখ্যাত বহুতল ভবনগুলোর একটিতে অবস্থিত।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, একটি দেশীয়ভাবে তৈরি বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেন। এর পরপরই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।
রুশ টেলিভিশন চ্যানেল আরইএন টিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা পাঁচে পৌঁছাতে পারে। তবে এ তথ্য এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। চ্যানেলটির দাবি, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটি একটি নৃশংস সন্ত্রাসী হামলা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
ঘটনার পরপরই ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। তবে নিহত ও আহতদের পরিচয় কিংবা কোনো সন্দেহভাজনের নাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না হওয়া কিছু তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তবে তিনি অক্ষত রয়েছেন বলে বলা হচ্ছে। এ বিষয়ে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার চার বছরের বেশি সময় পর রাশিয়া এরই মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। মস্কোর অভিযোগ, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার পেছনে কিয়েভের ভূমিকা ছিল।
কোনো প্রমাণ উপস্থাপন না করেই রাশিয়ার কয়েকজন যুদ্ধবিষয়ক ব্লগার এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে কিয়েভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রুশ দৈনিক কমারসান্ত লিখেছে, বিস্ফোরক বহনকারী নারী হয়তো জানতেনই না যে তাঁর সঙ্গে বোমা রয়েছে। পত্রিকাটির ধারণা, দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
রেস্তোরাঁটির ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার ব্যক্তিগত একটি অনুষ্ঠানের জন্য সেটি বন্ধ ছিল।
বিশ্লেষকদের মতে, এ হামলার ধরন ২০২৩ সালে রুশ যুদ্ধপন্থী ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে হত্যার ঘটনার সঙ্গে মিল রয়েছে। সে সময় একটি মূর্তির ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দারিয়া ত্রেপোভাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আদালতে দাবি করেছিলেন, ইউক্রেনে অবস্থানকারী এক ব্যক্তির নির্দেশে এবং অর্থের বিনিময়ে তিনি কাজটি করেছিলেন। তবে সে সময়ও ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার দায় স্বীকার বা অস্বীকার-কোনোটিই করেননি।