জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের চিকিৎসায় বিশেষ সুবিধা, পাইয়াথাই-২ হাসপাতালের সঙ্গে সমঝোতা

অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের চিকিৎসায় বিশেষ সুবিধা, পাইয়াথাই-২ হাসপাতালের সঙ্গে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০ জুলাই ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সহজলভ্য করতে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ মূল্যছাড় ও বিভিন্ন সুবিধা পাবেন।

অনুষ্ঠানে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কবি হাসান হাফিজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশে হাসপাতালটির প্রতিনিধি প্রতিষ্ঠান মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক একেএম মোহসিন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ পলি, জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুর রহমান ও বুলবুল আহমেদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিকরা।

আয়োজকদের মতে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণে আরও সহজ সুযোগ পাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ে বিশেষ সুবিধা লাভ করবেন।