সংবাদ শিরোনাম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন   |   জাতীয়

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেক্স রিপোর্টার:

জুলাইয়ের চেতনাকে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, জাতীয় এই চেতনাকে দলীয় বা ব্যক্তিগত লাভের বাইরে রেখে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণে কাজে লাগানোই সময়ের দাবি।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনাকেই ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা অর্জনের উপকরণে পরিণত করা উচিত নয়। বরং এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিয়ে জাতীয় অগ্রগতি ও জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, জুলাইয়ের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই বাংলাদেশকে সামনের পথে এগিয়ে নিতে হবে। এই চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী গোষ্ঠী বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার আওতায় দলটিকে বিচারের মুখোমুখি করা হবে এবং বিদ্যমান আইন অনুসরণ করেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে।