তেহরানে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিতে বাংলাদেশের স্পিকার, ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক
বাসস ঢাকা :
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, প্রবাসী বাংলাদেশিদের সেবা বাড়ানোর আশ্বাস
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে স্পিকার মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের কাছে গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে সেখানে সংরক্ষিত শোক বইয়েও স্বাক্ষর করেন তিনি।
সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে, ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি আরও জানান, ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও কার্যকর ও বিস্তৃত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে স্পিকার গতকাল তেহরান পৌঁছান। বিমানবন্দরে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।