খাদ্য অধিদপ্তরের নামে প্রচারিত চাল আমদানির কথিত ক্রয় আদেশ ভুয়া: খাদ্য মন্ত্রণালয়
ঢাকা, ২৩ জুন ২০২৬ (৯ আষাঢ় ১৪৩৩): সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে একটি তথাকথিত সরকারি ক্রয় আদেশ প্রচার করা হচ্ছে। ১৬ জুন ২০২৬ তারিখে জারিকৃত বলে দাবি করা ওই নথিতে ভারত থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির তথ্য উল্লেখ রয়েছে।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথিত ক্রয় আদেশটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রচারিত নথিতে ব্যবহৃত স্মারক নম্বর, ভাষা, তথ্য উপস্থাপন ও বিন্যাস সরকারি নথির প্রচলিত রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইসঙ্গে কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিদ্যমান ক্রয় প্রক্রিয়ার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।
খাদ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের ভুয়া সরকারি নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা দেওয়া হচ্ছে। তাই অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সরকারি নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম কিংবা আদেশ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য জানতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।