আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: সালাহউদ্দিন আহমদ

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন   |   জাতীয়

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগকে সরকার কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না। তার ভাষায়, দলটি একটি ‘মাফিয়া সংগঠন’ এবং বর্তমানে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্ভাব্য যেকোনো তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে আটক করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার নথিপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে সরকার আশাবাদী।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে ওই এলাকার অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement