চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পথচারীদের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
তীব্র গরম ও চলমান তাপপ্রবাহে জনদুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের বিশ্বরোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, আগামী ১০ দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলামসহ ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এসময় পথচারী, ট্রাফিক পুলিশ সদস্য, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে সুপেয় পানি সরবরাহ করা হয়। পাশাপাশি ট্রাফিক সদস্য, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতাদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলাম বলেন, “তীব্র গরমে সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্ট বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। তাপদাহ চলাকালীন সময়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।