এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন   |   জাতীয়

এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

ডেক্স নিউজ:

দেশের শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, বরিশাল, যশোর ও মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রবিবার (৭ জুন) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যানরা শিগগিরই নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

নতুন চেয়ারম্যানদের তালিকা

  • এনসিটিবি: অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা
  • ঢাকা শিক্ষা বোর্ড: অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান
  • মাদরাসা শিক্ষা বোর্ড: অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান
  • যশোর শিক্ষা বোর্ড: অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম
  • বরিশাল শিক্ষা বোর্ড: অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম

এই নিয়োগের মাধ্যমে দেশের শিক্ষা বোর্ড ও পাঠ্যক্রম ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো, যা শিক্ষা খাতের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Advertisement
Advertisement
Advertisement