অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় আসছে নতুন নীতিমালা

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন   |   জাতীয়

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় আসছে নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন সংবাদপোর্টালের নিবন্ধন ও পরিচালনা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যালোচনার কাজ এগিয়ে নিচ্ছে।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমের দ্রুত বিস্তারের কারণে এ খাতকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে যেসব জেলা পর্যায়ের সংবাদপত্রের প্রকাশনা কার্যক্রম দুর্বল বা অনিয়মিত, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করার বিষয়টিও পর্যালোচনার আওতায় রয়েছে।

সংসদে উপস্থাপিত তথ্যে ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে রাজধানী ঢাকা থেকে মোট ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা।

তিনি আরও বলেন, গণমাধ্যম খাতকে আরও জবাবদিহিমূলক ও মানসম্মত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে অনলাইন সংবাদমাধ্যমের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement