নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা-কে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে হবে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পরবর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুনানির সময় মামলার বিভিন্ন আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে ছিলেন দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটি-এর সভাপতি শাহরিয়ার কবির, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আদালতের কাছে শাহরিয়ার কবিরের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করার আবেদন জানান। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।
মামলার অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ এবং ইমরান এইচ সরকার।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, নিহত ৫৮ জনের পরিচয় ইতোমধ্যে তদন্তকারীরা শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।