৬৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে
নিজস্ব প্রতিবেদক:
মাসে শূন্য থেকে ৬৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত কার্যকর হলেও সরকারের নীতিগত নির্দেশনার ফলে প্রায় ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের বর্তমান মূল্যেই সেবা গ্রহণ করতে পারবেন। ফলে নিম্ন ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে না।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতে সুশাসন, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের প্রভাব মোকাবিলা করে বর্তমান সরকার রাষ্ট্রীয় খাতসমূহকে অধিকতর কার্যকর ও জবাবদিহিমূলক করতে কাজ করছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।