জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে নির্দিষ্ট এলাকায় সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   জাতীয়

জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে নির্দিষ্ট এলাকায় সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/76)-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৬ জুন রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে ওইসব এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ কর্মসূচি ও গণজমায়েতের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর, বাংলামোটর লিংক রোড থেকে হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা, পান্থপথ-ফার্মগেট এলাকা, শ্যামলী থেকে ধানমন্ডি-১৬ সংযোগস্থল, বেগম রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর অন্তর্ভুক্ত সব সড়ক ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, জাতীয় সংসদের বাজেট অধিবেশনের নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থে এ নির্দেশনা কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সকলকে বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

Advertisement
Advertisement
Advertisement