ভোগান্তির একাকার বর্ষা: বৃষ্টিতে নাকাল ঈদযাত্রা, কাদাপানিতে ভাসছে পশুর হাট

অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

জাতীয়

ভোগান্তির একাকার বর্ষা: বৃষ্টিতে নাকাল ঈদযাত্রা, কাদাপানিতে ভাসছে পশুর হাট

স্টাফ রিপোর্টার:

তপ্ত রোদের পর এক পশলা বৃষ্টি যেখানে স্বস্তি এনে দেওয়ার কথা ছিল, সেখানে তা রূপ নিয়েছে চরম দুর্ভোগে। মঙ্গলবার দুপুরের পর রাজধানীজুড়ে শুরু হওয়া হঠাৎ ঝড় আর মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার উপচে পড়া ড্রেনের নোংরা আবর্জনা—সব মিলিয়ে এক নরককূল পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকার রাজপথে। আর এই অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ এবং কুরবানির পশুর হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর। আনন্দময় ঈদযাত্রার শুরুতেই এখন বিষাদের ছায়া, আর পশুর হাটে হা-হুতাশ করছেন দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা।

দুপুরের পর থেকেই মিরপুর কালশি রোড, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে জলজট তৈরি হয়। প্রধান সড়কগুলো মুহূর্তেই রূপ নেয় ছোটখাটো নদীতে। গণপরিবহন সংকটের পাশাপাশি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও একলাফে বেড়ে গেছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ব্যাগ-লাগেজ আর পরিবার-পরিজন নিয়ে বাস টার্মিনাল বা রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে হাজারো মানুষের ছাতা হাতে অপেক্ষার করুণ দৃশ্য। গণপরিবহন না পেয়ে অনেককে ভিজেই, কাদাপানি মাড়িয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হচ্ছে। একদিকে সড়কের তীব্র যানজট, অন্যদিকে বৃষ্টির বাগড়া—সব মিলিয়ে ঢাকা ছাড়ার আনন্দ এখন রূপ নিয়েছে এক দীর্ঘশ্বাসে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে রাজধানীর পশুর হাটগুলোতে। কুরবানির আর মাত্র কয়েক দিন বাকি থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পশু নিয়ে ব্যাপারীরা হাজির হয়েছিলেন ঢাকার স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে। কিন্তু দুপুরের হঠাৎ ঝড়-বৃষ্টিতে হাটের ভেতরের চিত্র পুরোপুরি বদলে গেছে। তুরাগ তীরের দিয়াবাড়ী হাট থেকে শুরু করে আফতাবনগর, মেরাদিয়া কিংবা গাবতলী—প্রতিটি হাটের মাঠ এখন কাদা আর পানিতে একাকার। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় এক-চতুর্থাংশ এলাকা এখন হাঁটুসমান পানির নিচে তলিয়ে গেছে। কোরবানির অবলা পশুগুলোকে ঘণ্টার পর ঘণ্টা নোংরা পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে পশুগুলোর যেমন রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে, তেমনি বিক্রেতারাও তাদের পশুর খাবার দেওয়া কিংবা দেখভাল করার জায়গা পাচ্ছেন না। খড় ও ভুসি ভিজে নষ্ট হয়ে যাওয়ায় পশুখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

হাটে আসা ক্রেতারাও পড়েছেন চরম বিপাকে। কর্দমাক্ত মাঠে পা ফেলার জায়গা না থাকায় অনেক ক্রেতাই হাটের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না। যারাও বা আসছেন, তারা দূর থেকেই পশু দেখে দরদাম করার চেষ্টা করছেন। এর ফলে হাটে পশুর পর্যাপ্ত জোগান থাকলেও কেনাবেচা প্রায় স্থবির হয়ে পড়েছে। কুষ্টিয়া থেকে ১০টি গরু নিয়ে আসা এক ব্যাপারী আক্ষেপ করে বলছিলেন, এত কষ্ট করে গরুগুলো ঢাকা আনলাম একটু ভালো দামের আশায়, অথচ এখন জান বাঁচানোই দায়। গরুগুলো ঠাণ্ডায় কাঁপছে, বসার কোনো জায়গা নেই। এই অবস্থায় ক্রেতারাও হাটে আসতে পারছেন না, ফলে বিক্রিবাট্টা একদম বন্ধ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অবশ্য আগে থেকেই এমন একটি পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল চারটার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জসহ দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং তীব্র দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে ঝিনাইদহ, মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর ও কুমিল্লার মতো দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের জেলাগুলোতেও বিকেল নাগাদ একই ধরনের বৈরী আবহাওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, প্রাক-বর্ষার এই সময়ে এমন আকস্মিক ঝড়-বৃষ্টি অস্বাভাবিক নয়, তবে ঢাকার ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এই দীর্ঘস্থায়ী জলজট নগরবাসীকে ভোগান্তিতে ফেলছে। ঈদের আগে এই বৃষ্টি যেমন ঢাকা ছাড়ার পথকে অবরুদ্ধ করে তুলেছে, তেমনি পশুর হাটের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। যদি আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উন্নতি না হয়, তবে এই ভোগান্তি চরম আকার ধারণ করবে এবং কোরবানির ঈদের সার্বিক প্রস্তুতিতে বড় ধরনের ছন্দপতন ঘটবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।