প্রকল্প ব্যয় বেড়ে ২৮০ কোটি টাকা: রূপসা ব্রিজ–শিপইয়ার্ড সড়কের কাজ ১৩ বছরেও সম্পন্ন হয়নি
খুলনা ব্যুরো :
খুলনার গুরুত্বপূর্ণ প্রবেশপথ রূপসা ব্রিজ থেকে খুলনা শিপইয়ার্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প দীর্ঘদিনেও শেষ না হওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ১৩ বছর পরও কাজ সম্পন্ন হয়নি। এ সময়ে প্রকল্প ব্যয় ৯৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮০ কোটিতে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ কাদা ও খানাখন্দে ভরা থাকায় ছোট যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সড়কের পাশে খুলনা শিপইয়ার্ড, নৌবাহিনীর স্থাপনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ অব্যাহত রয়েছে।
স্থানীয় গ্যারেজ মালিক জলিল হাওলাদার বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।
সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে নাগরিক কমিটি। সংগঠনের নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার প্রকল্প সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্র জানায়, শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেড প্রকল্পের কাজ পায়। কাজের ধীরগতির কারণে তাদের কার্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হলে প্রতিষ্ঠানটি আদালতে মামলা করলে প্রকল্প বাস্তবায়ন দীর্ঘদিন স্থগিত থাকে। পরে প্রতিষ্ঠানটির জামানত বাজেয়াপ্ত করে জরিমানা আরোপ করা হয়।
কেডিএর সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন বলেন, নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন জানান, আগামী ১৫ মে টেন্ডার জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সড়কটি পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।