লেবাননে যুদ্ধবিরতি চলাকালে ইসরাইলি হামলা অব্যাহত : নিহত অন্তত ৯
ডেক্স নিউজ:
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে শনিবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় পরিচালিত এসব হামলায় অন্তত ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে লেবাননের সরকারি সূত্র জানিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী বৈরুতের দক্ষিণে সাদিয়াত মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় একাধিক হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে এটিকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহ এলাকায় হামলায় এক শিশুসহ সাতজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এছাড়া নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক সিরীয় নাগরিক নিহত হন এবং তার কন্যা গুরুতর আহত হয়। বেদিয়াস এলাকায় পৃথক আরেক হামলায় একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এসব হামলা পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে বেসামরিক হতাহতের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি হামলার জবাবে উত্তর ইসরাইলে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি বাহিনীর তথ্য অনুযায়ী, বিস্ফোরকবাহী কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করলে একজন সেনা গুরুতর আহত হন।
গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি বহাল থাকলেও লেবাননের দক্ষিণ সীমান্তে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২ মার্চের পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে প্রায় ২ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।
এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।