সাতক্ষীরায় আমের বাজারে সরবরাহ বাড়লেও সিন্ডিকেটে হতাশ ব্যবসায়ীরা

 প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় আমের বাজারে সরবরাহ বাড়লেও সিন্ডিকেটে হতাশ ব্যবসায়ীরা

খুলনা ব্যুরো :

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে আমের মৌসুম শুরুতেই বাজার জমে উঠেছে। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপ খাসসহ বিভিন্ন জাতের আমে বাজার এখন সরগরম। তবে সরবরাহ বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় রয়েছেন আমচাষিরা।

জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৫ মে থেকে দেশি জাতের আম সংগ্রহ শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে শুরুতে সরবরাহ কম থাকলেও গত শুক্রবার থেকে বাজারে আম ওঠা বেড়েছে। বাজারজুড়ে ট্রাক, ভ্যান ও পিকআপে আম আনতে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। জেলার ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজারের বেশি চাষি আম উৎপাদন করছেন। এবার প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, সদর উপজেলার বিভিন্ন বাগানে গাছে থোকায় থোকায় আম ঝুলছে। অনেক স্থানে চাষিরা আম সংগ্রহ করে ক্রেটে ভরছেন, আবার পাইকাররা সরাসরি বাগান থেকেই আম কিনে নিচ্ছেন।

ফিংড়ি এলাকার আমচাষি সোনা মজুমদার বলেন, ফলন ভালো হলেও বাজারে দাম কম থাকায় লাভ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসায়ী আবু সাঈদ জানান, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ না হলে চাষি ও ব্যবসায়ী উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন।

বর্তমানে জাতভেদে প্রতি মণ আম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। উৎপাদন ব্যয়, শ্রমিক মজুরি ও পরিবহন খরচ বাড়ায় এই দাম চাষিদের আশানুরূপ নয় বলে তাঁদের দাবি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement