সুন্দরবন এলাকায় পর্যটক নিরাপত্তায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
খুলনা ব্যুরো :
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন ঢাংমারী এলাকায় পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটপাটের চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে ঢাংমারী খাল সংলগ্ন একটি ইকো রিসোর্টে সংঘবদ্ধভাবে প্রবেশের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।
রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত কোস্ট গার্ডকে জানালে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করে একই দিন বিকেলে অভিযান চালিয়ে দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)-কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই ও পর্যটক হয়রানির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংশ্লিষ্ট এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় পর্যটন অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা ।