মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী মামুনের মরদেহ দেশে, গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।
আজ সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (SV806) যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ৩ লাখ টাকা প্রদান করা হবে।
এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।