হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন   |   জাতীয়

হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে   - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সুনামগঞ্জ, ২২ বৈশাখ (৫ মে):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরাঞ্চল বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার। এ জন্য সরকার হাওরবাসীর জন্য সম্ভাব্য সবকিছু করবে।  

আজ সুনামগঞ্জ সার্কিট হাউসে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি অতিবৃষ্টিতে হাওরাঞ্চলের বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী তিন মাস কৃষক পরিবারকে সহায়তা প্রদানসহ এ কর্মসূচি কিভাবে চালিয়ে রাখা যায় সে ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে। সহায়তা প্রসঙ্গে তিনি সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তালিকা প্রণয়নে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে জেলা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। 

বিশেষ অতিথির বক্তৃতায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, উওরাঞ্চলের কৃষকের ফসল রক্ষায় সমন্বিত হাওর ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করাসহ পরিকল্পিতভাবে হাওর খনন, স্লুইসগেট নির্মাণ, পানিতে ধানকাটার উপযোগী হারভেস্টার, কৃষকদের ধানের চারা, সার বিতরণ এবং কৃষি ঋণ প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, হাওরাঞ্চলের ইকোসিস্টেম বাঁচাতে হবে, প্রতিবছর যাতে এমন দুর্যোগের মুখোমুখি হতে না হয় সে জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওরাঞ্চলের কৃষকের উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মসূচি গ্রহণ করবে। 

সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য নুরুল ইসলাম, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ জপলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত তিন মাস মেয়াদী মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Advertisement
Advertisement
Advertisement