​উচ্চশিক্ষায় সুশাসন ও নিরাপত্তা নিশ্চিতের ডাক শিক্ষামন্ত্রীর

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

​উচ্চশিক্ষায় সুশাসন ও নিরাপত্তা নিশ্চিতের ডাক শিক্ষামন্ত্রীর

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন কোনোভাবেই নেতিবাচক কর্মকাণ্ড বা উগ্রবাদের চারণভূমিতে পরিণত না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, সরকার বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে পূর্ণ স্বাধীনতা দিতে আগ্রহী, তবে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন আর কোনো 'হলি আর্টিজান'-এর মতো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে।

​অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বচ্ছতা নিয়ে সোজাসাপ্টা প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, অনেক মালিকই তাদের প্রতিষ্ঠানকে 'অলাভজনক' হিসেবে দাবি করেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলে। প্রতিষ্ঠানের অর্জিত বিশাল অঙ্কের অর্থ আসলে কোথায় যাচ্ছে বা কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে এই খাতের সংকট নিরসনে আশার কথা শুনিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যাগুলো শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন।

​বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ঐতিহাসিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক উদাহরণের কথা টেনে আনেন। তিনি বিনয়ের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা ভাবনার প্রশংসা করে বলেন, জিয়াউর রহমান মাত্র ১৬ দিন শিক্ষামন্ত্রীর দায়িত্বে থেকে যে পরিমাণ কাজ করে গেছেন, তা ১৬ বছরেও বাস্তবায়ন করা দুরুহ।

​শিক্ষায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে এহছানুল হক মিলন বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষা ব্যবস্থার ভোল বদলে দিয়ে বিশ্বদরবারে মাথা তুলে দাঁড়াতে পারে, তবে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাত থেকেই দেশের সর্বোচ্চ আয় করা সম্ভব। এ লক্ষ্যে যারা সফল হয়েছে, তাদের ভালো কাজগুলো অনুসরণ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement