২৪ ঘণ্টায় দেশে ২৫৯ জনের হাম শনাক্ত, মৃত্যু ৬
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
দেশে হাম রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৮৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৮৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি সন্দেহজনক হাম রোগে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন স্থানে হাম প্রতিরোধে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।