কুয়েটে উৎসবমুখর আন্তঃহল ইনডোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন   |   জাতীয়

কুয়েটে উৎসবমুখর আন্তঃহল ইনডোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আন্তঃহল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। কুয়েট শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সর্বদা গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্যারম, টেবিল টেনিস ও দাবা—এই তিনটি ইভেন্টে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ লালন শাহ হল। ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয় অমর একুশে হল এবং রানার-আপ খানজাহান আলী হল। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ ফজলুল হক হল।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ও ‘উদীয়মান খেলোয়াড়’ হিসেবে সেরা পারফরমারদেরও পুরস্কৃত করা হয়।

ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. হেলাল ফকির এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম।

উল্লেখ্য, গত ৩ মে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা। পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের গুরুত্ব আরও সুদৃঢ় হয়।

Advertisement
Advertisement
Advertisement