খুলনায় গুলিবিদ্ধ যুবককে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে আবারো গুলি

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় গুলিবিদ্ধ যুবককে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে আবারো গুলি

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে হামলার সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আহতের সঙ্গে থাকা এক নারী জানান, রাজু হাওলাদার তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর অবস্থার কারণে সোমবার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়।

অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সন্ত্রাসীরা গাড়িতে গুলি চালায়। একটি গুলি অ্যাম্বুলেন্সে আঘাত করলে তিনি দ্রুত কাটাখালী হাইওয়ে থানায় গিয়ে আশ্রয় নেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক নিরাপত্তা প্রদান করে এবং পরে পুলিশি সহায়তায় গাড়িটি নিরাপদে ঢাকা অভিমুখে পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলার স্থান ও সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Advertisement
Advertisement
Advertisement