কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে পিঠাভোগে ব্যাপক আয়োজন

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন   |   খুলনা

কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে পিঠাভোগে ব্যাপক আয়োজন

খুলনা ব্যুরো :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিহ্যবাহী পিঠাভোগ গ্রামে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কবিগুরুর পূর্বপুরুষের আদি ভিটা রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে আগামী ২৫ বৈশাখ (৮ মে) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী আয়োজন।

৮, ৯ ও ১০ মে অনুষ্ঠিতব্য এ উৎসবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সংগীত পরিবেশনা ও নানা আয়োজন। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে।

অনুষ্ঠান সফল করতে সোমবার সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালি জাতির গর্বই নন, তিনি বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জন্মবার্ষিকী নতুন প্রজন্মের কাছে সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, পিঠাভোগের ঐতিহাসিক প্রাঙ্গণকে কেন্দ্র করে সুশৃঙ্খল, নিরাপদ ও দর্শনার্থীবান্ধব আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের সব দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কবিগুরুর বংশধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে পিঠাভোগ এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক প্রাঙ্গণ।

Advertisement
Advertisement
Advertisement