ত্রয়োদশ জাতীয় সংসদ: আজ শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা, জটিলতা কাটিয়ে বৈধ নুসরাতের প্রার্থিতা
তাইফুর রহমান।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্য আজ রোববার (৩ মে) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ ও আনুষ্ঠানিকতা
নির্বাচন কমিশন গত ৩০ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে। রাজনৈতিক দল ও জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই আসনগুলো বণ্টন করা হয়েছে।
মনোনয়ন জটিলতার অবসান
শপথ অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে জামায়াতে ইসলামী জোটের শরিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতায় রিটার্নিং কর্মকর্তা শুরুতে তার আবেদন গ্রহণ করেননি। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় সংরক্ষিত নারী এমপির তালিকায় তার অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। এর আগে সরকারি চাকরিতে অসংগতি থাকায় এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হয়েছিল।
দেল অনুযায়ী সংরক্ষিত আসনের পরিসংখ্যান:
গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের দলের ভিত্তিতে বিন্যাস নিচে দেওয়া হলো-দল/জোট সদস্য সংখ্যা বিএনপি ও সমমনা জোট ৩৬ জন ও জামায়াতে ইসলামী ও সমমনা জোট ১২ জন এবং স্বতন্ত্র ১ জন মোট ৪৯ জন।
নির্বাচিত নারী সদস্যদের তালিকা:
বিএনপি জোট (৩৬ জন): সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট (১২ জন): নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
এছাড়া, স্বতন্ত্র (১ জন): সুলতানা জেসমিন।
আজকের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। নতুন নির্বাচিত নারী এমপিরা আগামীতে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।