চার দিনের সফরে ঢাকায় নেপালের ফটোসাংবাদিকদের ১০ সদস্যের প্রতিনিধি দল

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   জাতীয়

চার দিনের সফরে ঢাকায় নেপালের ফটোসাংবাদিকদের ১০ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর আমন্ত্রণে নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে)-এর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (রাত ১১:২৩ মিনিটে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৪ ফ্লাইটযোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনএফপিজেএ’র  সভাপতি প্রদীপ রাজ অন্তা, সিনিয়র সহ সভাপতি লেখা বাহাদুর শ্রেষ্ঠ (সাগর), সাধারণ সম্পাদক ঘনশ্যাম শ্রেষ্ঠা, সম্পাদক প্রবীন কুলুং রাই,  কেন্দ্রীয় সদস্য মুকুন্দ বাহাদুর কালীকোট, কেন্দ্রীয় সদস্য মহরিশ সিং নাগাল অনুপ প্রধান, সাধারণ সদস্য রাম শরণ মহার্জন (লেন্সম্যান), পোখরা শাখার সম্পাদক প্রেম বাহাদুর থাপা, সিন্ধুলি শাখা চেয়ারম্যান উধব কুমার শ্রেষ্ঠা ।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রতিনিধি দলকে আন্তরিক অভ্যর্থনা জানান বিপিজে’র সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং সাবেক অর্থ সম্পাদক মইনউদ্দিন আহমেদ। এসময় তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ের অধীনেস্থ তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার  মো. মনিরুজ্জামান খান, তথ্য অফিসার মাসরিয়াত জাহান বর্ষা এবং সহকারী তথ্য অফিসার মো. নাসির উদ্দিন খোন্দকার উপস্থিত ছিলেন।

ঢাকায় পৌঁছানোর পরপরই প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। সফরকালে তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুটি যৌথ সেমিনারে অংশগ্রহণ করবেন। উক্ত সেমিনারগুলোতে বিপিজেএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক সভাপতি রফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন, সিনিয়র সদস্য কাজী রাওনক এবং সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ উপস্থিত থাকবেন।

আগামী ২৯ তারিখ রাতে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অবস্থান করবে। ৩০ তারিখ সকালে তারা “বিউটিফুল অব নেপাল” শীর্ষক ফটো প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। প্রদর্শনী শেষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি উপস্থিত থাকবেন।

  এছাড়া, সন্ধ্যায় গুলশান ক্লাবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন অতিথিরা। পহেলা মে সকালে বিপিজেএ কার্যালয় পরিদর্শন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর একই দিন সন্ধ্যা ৬টায় ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘Imperial Photo Journalist Appreciation Award 2026’ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশ-বিদেশের স্বনামধন্য ফটোসাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে এবং নেপালের প্রতিনিধি দলও এতে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক গ্রহণ করবে।

চার দিনের ব্যস্ত কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি পরদিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

Advertisement
Advertisement
Advertisement