পরীক্ষামূলক অনলাইন ক্লাস রাজধানীতে শুরু
স্টাফ রিপোর্টার:
জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল পাঠদানের মধ্য দিয়ে এই পাইলট কার্যক্রমের সূচনা হয়।
সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে নতুন একটি ক্লাস সূচি নির্ধারণ করা হয়েছে। এই সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান (শনিবার, সোমবার ও বুধবার) এবং বাকি তিন দিন অনলাইনে (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) ক্লাস পরিচালিত হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি এক সভায় জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা।
প্রথম দিনের কার্যক্রমে দেখা যায়, শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণিকক্ষ থেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করে ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আপাতত কলেজ শাখায় এই কার্যক্রম চালু হলেও শিগগিরই স্কুল শাখায়ও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময়সূচিতে পরিবর্তনের পর শিক্ষা খাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু করা হয়েছে।