কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
কক্সবাজার, ২৮ চৈত্র (১১ এপ্রিল):
ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী সেবার গুণগত মান, গতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি যাত্রী ও পর্যটকরা সহজে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আমরা সারাদেশে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সেবা সম্প্রসারণ করে চলেছি। এই ধারাবাহিকতায় কক্সবাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো—বিশেষ করে রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে ইতোমধ্যে এই সেবা চালু করা হয়েছে। তিনি আরো বলেন, কক্সবাজারে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক আগমন করেন। তাদের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে আমরা আরো নতুন নতুন পর্যটন স্পটকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি।
পরিদর্শন শেষে মন্ত্রী এবং উপদেষ্টা রেলস্টেশন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, বিটিসিএল এর দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।