উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল):
উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধান এবং প্রকল্প পরিচালকগণের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংস্থাভিত্তিক চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়। আলোচনার ভিত্তিতে প্রতিমন্ত্রী এ প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। প্রয়োজনে দপ্তর সংস্থাগুলোকে সমন্বিতভাবে প্রকল্প প্রণয়নে কাজ করার পরামর্শ দেন তিনি। একইসাথে সরকারি কর্মচারীদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন নিশ্চিত করতে আমাদের চিন্তা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পুরনো জৌলুস ও ঐতিহ্য পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মানবসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে আরো জোরদার করতে হবে। তিনি বলেন, সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরো গতিশীল করতে হবে।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিতভাবে প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়া, সূর্যমুখী ও সরিষা উৎপাদন বৃদ্ধি এবং সেখান থেকে ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তৃতীয় ভাষা শিক্ষা, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের যুবসমাজকে আধুনিক দক্ষতায় সজ্জিত করে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা সম্ভব। পাশাপাশি, বন্ধ হয়ে যাওয়া সকল প্লান্ট দ্রুত পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নির্দেশনা প্রদান করেন তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।